অনুমতি ছাড়া ছবি ব্যবহার ও রাজনৈতিক পরিচয় দেওয়ার অভিযোগে দৈনিক বাংলার সংবাদকে এম এ রউফের প্রতিবাদ
নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত একটি সংবাদে অনুমতি ছাড়া নিজের ছবি ব্যবহার এবং রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপনের অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও স্পিকার এম এ রউফ।
সোমবার (২৪ আগস্ট) এক প্রতিবাদলিপিতে এম এ রউফ বলেন, সম্প্রতি দৈনিক বাংলার সংবাদ অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত একটি সংবাদ তার দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদে তার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। একই সঙ্গে তার রাজনৈতিক পরিচয় সম্পর্কে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা তার প্রকৃত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে দাবি করেন তিনি।
এম এ রউফ স্পষ্ট করে বলেন, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন। আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদের প্রতিষ্ঠাতা ও স্পিকার হিসেবে তিনি প্রবাসী ও রেমিট্যান্স যোদ্ধাদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করে আসছেন।
তিনি অভিযোগ করেন, তার অনুমতি ছাড়া ছবি ব্যবহার করে সংবাদ প্রকাশ এবং রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত করে উপস্থাপনের ফলে তার সামাজিক ও পেশাগত সম্মান ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে তিনি অনভিপ্রেত, দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বলে উল্লেখ করেন।
প্রতিবাদলিপিতে এম এ রউফ বলেন, সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট গণমাধ্যমের উচিত তথ্যের সত্যতা যাচাই করা এবং কোনো ব্যক্তির ছবি ও পরিচয় ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সতর্কতা অবলম্বন করা। বিশেষ করে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হিসেবে উপস্থাপনের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ও তথ্য যাচাই করা জরুরি।
তিনি দৈনিক বাংলার সংবাদ কর্তৃপক্ষের প্রতি প্রকাশিত সংবাদটি পুনর্বিবেচনা, তার ছবি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করা এবং ভুল বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা সংশোধনের আহ্বান জানান।
একই সঙ্গে তিনি বলেন, তার অনুমতি ছাড়া ছবি ব্যবহার এবং তার সম্মানহানির মতো কোনো কর্মকাণ্ড হয়ে থাকলে তিনি প্রচলিত আইন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রতিকার চাইতে পারেন। প্রয়োজনে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমকে আইনি নোটিশ প্রদান, বাংলাদেশ প্রেস কাউন্সিলে অভিযোগ এবং প্রযোজ্য আইনে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টিও তিনি বিবেচনা করছেন।
এম এ রউফ আরও বলেন, “আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নই। আমার ছবি ব্যবহার করে আমাকে কোনো রাজনৈতিক পরিচয়ের সঙ্গে যুক্ত করা হলে তা আমার ব্যক্তিগত অবস্থান ও সামাজিক পরিচয়কে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হবে। এ ধরনের কর্মকাণ্ডের আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সব গণমাধ্যমকে ভবিষ্যতে সংবাদ প্রকাশের ক্ষেত্রে তথ্য যাচাই, ব্যক্তির বক্তব্য গ্রহণ এবং ছবি ও পরিচয় ব্যবহারে সাংবাদিকতার নীতিমালা অনুসরণের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা - মাহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক - বিজয় সাহা
প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক - বিদ্যুৎ চন্দ্র বর্মন
সহ-সম্পাদক - শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল
ফোন:
01734-454101, 01400-048340
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: এফ এ হক টাওয়ার ( ৩য় তলা), কাওরান বাজার, ঢাকা - ১২১৫..
Copyright © 2026 দৈনিক মানবতার কন্ঠস্বর . All rights reserved.