বয়স্কদের কুরআন শিক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ, সম্মাননা পেলেন সাবেক সেনাসদস্য ও ইমাম-মুয়াজ্জিন
মো. শাহরিয়ার
রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুরআনের আলো ছড়িয়ে দিতে বয়সকে বাধা হতে দেননি বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সিনিয়র সার্জেন্ট মো. আব্দুর রউফ। বয়স্ক, যুবক ও শিশুদের বিনামূল্যে সহজ পদ্ধতিতে পবিত্র কুরআন শিক্ষা দিয়ে যাচ্ছেন তিনি। তাঁর এ মহৎ উদ্যোগে উৎসাহ জোগাতে এবং ধর্মীয় খেদমতের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেছে আল-হিদায়াহ ফাউন্ডেশন। এ উদ্যোগকে ঘিরে স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা দিয়েছে।
কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের তিনথোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে কুরআন শিক্ষার এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এখানে বয়স্ক, যুবক ও শিশুদের সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শেখানোর চেষ্টা করা হচ্ছে। ধর্মীয় শিক্ষার প্রসার এবং মানুষের মধ্যে কুরআন শেখার আগ্রহ বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
এ মহৎ কাজের স্বীকৃতিস্বরূপ আল-হিদায়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননা পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কুরআন শিক্ষার এ কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনথোপাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল হোসেন বলেন, “বয়স্ক, যুবক ও শিশুদের বিনামূল্যে কুরআন শিক্ষা দেওয়ার এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সমাজে ধর্মীয় শিক্ষার প্রসারে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের মহৎ কাজকে সবাই উৎসাহিত করা উচিত।”
মসজিদের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ( মিয়া চান) বলেন, “আমিও তাঁর কাছ থেকে সহজ পদ্ধতিতে কুরআন শিক্ষা নিয়েছি। তিনি খুব সুন্দরভাবে কুরআন শেখান। তাঁর শেখানোর পদ্ধতি সহজবোধ্য হওয়ায় শিক্ষার্থীরা উপকৃত হচ্ছেন।”
মসজিদের ইমাম মাওলানা মো: সামিউল ইসলাম বলেন, “আল-হিদায়াহ ফাউন্ডেশন আমাদের সম্মাননা স্মারক প্রদান করেছে। এতে আমরা অনেক আনন্দিত। এ স্বীকৃতি আমাদের আরও উৎসাহিত করেছে। ইনশাআল্লাহ, আমরা শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান অব্যাহত রাখব।”
এ সময় মসজিদের মুয়াজ্জিন হাফেজ মো: মুসা বলেন কুরআন শিক্ষার এ কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
কুরআন শিক্ষার এ উদ্যোগ সম্পর্কে সাবেক সিনিয়র সার্জেন্ট মো. আব্দুর রউফ বলেন, “আমি সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে বিনামূল্যে শিক্ষার্থীদের কুরআন শিক্ষা দিয়ে যাচ্ছি। আমার লক্ষ্য হলো, বয়স্ক, যুবক ও শিশুরা যেন সহজেই সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখতে পারেন।
তিনি আরও বলেন, কুরআন শিক্ষা শুধু শিশুদের জন্য নয়; জীবনের যেকোনো বয়সেই কুরআন শেখার সুযোগ রয়েছে।
অন্যদিকে, আল-হিদায়াহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, বয়স্ক, যুবক ও শিশুদের কুরআন শিক্ষায় উৎসাহিত করার পাশাপাশি ধর্মীয় খেদমতে সহযোগিতা করার কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে কুরআন শরিফ ও তসবি বিতরণসহ বিভিন্ন মানবিক ও ধর্মীয় উদ্যোগে সহযোগিতা করা হবে।
স্থানীয়দের মতে, বর্তমান সময়ে বয়স্কদের ধর্মীয় শিক্ষার সুযোগ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা - মাহিদুর রহমান
সম্পাদক ও প্রকাশক - বিদ্যুৎ চন্দ্র বর্মন
সহ-সম্পাদক - শেখ মোয়াজ্জিম হোসেন জুয়েল
ফোন:
01734-454101, 01400-048340
বার্তা ও বানিজ্যিক কার্যালয়: এফ এ হক টাওয়ার ( ৩য় তলা), কাওরান বাজার, ঢাকা - ১২১৫..
Copyright © 2026 দৈনিক মানবতার কন্ঠস্বর . All rights reserved.