
গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় আরও একজনকে পলাতক আসামি হিসেবে দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট ২০২৬ বিকেল ৫টা ১৫ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৪ নম্বর সাহাপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুলসীঘাট গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানে পালাতক আসামি রউফ মিয়ার বসতবাড়ির শয়নকক্ষ থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সেবনের অভিযোগে মোঃ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই যুবককে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক মুন্নাফ মিয়ার পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ৩০ পিস ইয়াবা এবং শুভ চন্দ্র দাসের পরিহিত গ্যাভাডিং প্যান্টের সামনের ডান পকেট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন—মুন্নাফ মিয়া, পিতা রউফ মিয়া এবং শুভ চন্দ্র দাস, পিতা মৃত ঘুমন চন্দ্র দাস। তাদের উভয়ের বাড়ি তুলসীঘাট এলাকায়।
এ ঘটনায় গ্রেপ্তার দুইজন এবং পলাতক রউফ মিয়ার বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় ১৫ আগস্ট মামলা নম্বর-৩৯ দায়ের করা হয়েছে। মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক), ৩৬(৫) ও ৪১ ধারার উল্লেখ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন