
নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এই পেশার মর্যাদা অক্ষুণ্ন রাখতে সত্য, বস্তুনিষ্ঠতা ও পেশাগত নৈতিকতার প্রতি সবাইকে আন্তরিক থাকার আহ্বান জানিয়েছেন দৈনিক মানবতার কণ্ঠস্বর পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজয় সাহা।
পত্রিকার সাংবাদিক, প্রতিনিধি ও সহকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ করতে প্রত্যেক সাংবাদিককে অনেক পরিশ্রম ও সময় ব্যয় করতে হয়। তাদের পাঠানো সংবাদ দ্রুততম সময়ে যাচাই-বাছাই করে প্রকাশ করার জন্য পত্রিকার পক্ষ থেকেও সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও নিজ নিজ এলাকার প্রতিনিধিদের নিজ নিজ সংবাদ সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শেয়ার করার জন্য অনুরোধ জানান তিনি।
বিজয় সাহা বলেন, “নিউজ প্রকাশের পর আপনারা নিজ নিজ নিউজ শেয়ার করবেন। এতে সংবাদটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং পাঠকরা এলাকার গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।”
তিনি বিশেষভাবে কপি নিউজ পরিহার করার আহ্বান জানিয়ে বলেন, অন্যের সংবাদ হুবহু কপি করে পাঠানো সাংবাদিকতার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। কোনো সংবাদ পাঠানোর আগে তথ্য, স্থান, সময়, নাম, পদবি ও ঘটনার সত্যতা যথাসম্ভব যাচাই করে নেওয়া প্রয়োজন।
একই সঙ্গে একই ঘটনা নিয়ে একাধিক প্রতিনিধি যেন বারবার সংবাদ পাঠিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করেন, সেদিকেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। কোনো গুরুত্বপূর্ণ ঘটনা থাকলে সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে সংবাদ পাঠানোর পরামর্শ দেন।
দৈনিক মানবতার কণ্ঠস্বরের সম্পাদক ও প্রকাশক আরও বলেন, সাংবাদিকতার মূল লক্ষ্য হওয়া উচিত সত্য তুলে ধরা এবং মানুষের কল্যাণে কাজ করা। এমন সংবাদ প্রকাশ করা উচিত নয়, যার কারণে কোনো নিরপরাধ ব্যক্তি, পরিবার বা প্রতিষ্ঠানের অযথা ক্ষতি হয়। ব্যক্তিগত স্বার্থ, প্রতিহিংসা কিংবা কাউকে হেয় করার উদ্দেশ্যে সংবাদ পরিবেশন থেকেও সবাইকে বিরত থাকতে হবে।
তিনি বলেন, “নিজের স্বার্থের জন্য অন্যের ক্ষতি করা যাবে না। আমাদের একটি সংবাদ যেন কোনো মানুষের অযথা ক্ষতির কারণ না হয়। বরং আমাদের লেখনী ও সংবাদ মানুষের উপকারে আসবে—এমন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।”
তিনি আরও আহ্বান জানান, সমাজের অসংগতি, অনিয়ম, জনদুর্ভোগ ও মানুষের সমস্যা তুলে ধরার পাশাপাশি ইতিবাচক ও জনকল্যাণমূলক সংবাদকে গুরুত্ব দিতে হবে। সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সবশেষে বিজয় সাহা দৈনিক মানবতার কণ্ঠস্বর পরিবারের সকল সাংবাদিক, প্রতিনিধি, লেখক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
বিজয় সাহা
সম্পাদক ও প্রকাশক
দৈনিক মানবতার কণ্ঠস্বর
এফ এ হক টাওয়ার ( ৩য় তলা), কাওরান বাজার, ঢাকা ১২১৫.
মোবাইল: ০১৭১১-৩৯৭৫৪৩
হোয়াটসঅ্যাপ: ০১৭৩৪-৪৫৪১০১
মন্তব্য করুন