Bidyut Chandra Barman
১৯ আগস্ট ২০২৬, ২:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান

স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: স্লিপার বাস বন্ধ না করে প্রয়োজনীয় কারিগরি মানদণ্ড, নিরাপত্তা বিধিমালা, নিয়মিত ফিটনেস ও টেকনিক্যাল পরিদর্শনের আওতায় এনে এ সেবাকে আরও নিরাপদ ও যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের দীর্ঘপথের যাত্রীদের জন্য স্লিপার বাস একটি সময়োপযোগী, আরামদায়ক ও আধুনিক পরিবহনসেবা। বর্তমানে দেশের বিভিন্ন দূরপাল্লার রুটে স্লিপার বাস চলাচল করছে এবং এর সঙ্গে সরাসরি ও পরোক্ষভাবে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি আফতাব উদ্দিন মাসউদ, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাবু, কার্যকরী সভাপতি মাহাবুব আলম প্রধান জুয়েল, সাংগঠনিক সম্পাদক কোসির উদ্দিন রাজু এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জিতু বক্তব্য দেন। এ সময় মো. সাইদুর রহমান সুমন, মাওলানা ইব্রাহিম, মো. দাউদুর রহমান ও মো. মুস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে স্লিপার বাস নিয়ে বিভিন্ন আলোচনা, প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। তারা এসব উদ্বেগকে অস্বীকার না করে যাত্রীনিরাপত্তা, যানবাহনের মান এবং বিদ্যমান আইন মেনে চলার বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানান। তবে কোনো ব্যবস্থায় সমস্যা থাকলে পুরো সেবা বন্ধ না করে প্রয়োজনীয় নীতিমালা ও কারিগরী মানদণ্ড নির্ধারণের মাধ্যমে সেটিকে নিরাপদ ও নিয়মতান্ত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

তাদের মতে, বাংলাদেশের দীর্ঘপথের রুটে একজন যাত্রীকে অনেক সময় ১০ থেকে ১৫ ঘণ্টা বাসে অবস্থান করতে হয়। কক্সবাজার, সিলেট, রংপুরসহ দেশের বিভিন্ন দূরবর্তী গন্তব্যে দীর্ঘ সময় সাধারণ সিটে ভ্রমণ অনেক যাত্রীর জন্য কষ্টকর হয়ে ওঠে। স্লিপার বাস যাত্রীদের শুয়ে বা আরামদায়ক অবস্থায় দীর্ঘপথ ভ্রমণের সুযোগ করে দেয়। রাতে যাত্রা করে সকালে গন্তব্যে পৌঁছানোর ফলে কর্মজীবী মানুষের সময়ও সাশ্রয় হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, স্লিপার বাস শুধু যাত্রীসেবা নয়, এর সঙ্গে চালক, সহকারী, কাউন্টার কর্মী, মেকানিক, পরিচ্ছন্নতাকর্মী, টিকিটিং কর্মী, কল সেন্টার কর্মী, রক্ষণাবেক্ষণ কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। পাশাপাশি বাস নির্মাণ, বডি ওয়ার্ক, ব্র্যান্ডিং, এসি ও ইলেকট্রিক্যাল সিস্টেম, ইন্টেরিয়র, সফটওয়্যার ও টিকিটিংসহ বিভিন্ন খাতও এ পরিবহনসেবার সঙ্গে সম্পৃক্ত।

বক্তারা আরও বলেন, স্লিপার বাসের দুর্ঘটনার হার অত্যন্ত কম এবং দুর্ঘটনায় মৃত্যুর ঘটনাও খুবই বিরল। তবে যেকোনো দুর্ঘটনা প্রতিরোধে আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। এ ক্ষেত্রে নির্দিষ্ট কারিগরি মানদণ্ড ও অনুমোদন প্রক্রিয়া, বাসের বডি ও উচ্চতা-ওজনের নিরাপদ সীমা, কেবিনের আকার, যাত্রী ধারণক্ষমতা, জরুরি বহির্গমন ব্যবস্থা, অগ্নিনিরাপত্তা সরঞ্জাম এবং নিয়মিত ফিটনেস ও টেকনিক্যাল পরিদর্শনের ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়।

এছাড়া প্রশিক্ষিত চালক নিয়োগ, দীর্ঘ রুটে প্রয়োজন অনুযায়ী চালক পরিবর্তন, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং নির্ধারিত মান পূরণ না করা যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে বক্তারা স্পষ্ট করে বলেন, তারা কোনোভাবেই নিরাপত্তার সঙ্গে আপস করতে চান না। যে বাস কারিগরিভাবে অনিরাপদ, সেটি স্লিপার হোক বা সাধারণ—তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কোনো নির্দিষ্ট শ্রেণির বাসের সমস্যা পাওয়া গেলে পুরো সেবাটিকে বন্ধ করে দেওয়া সমাধান নয়।

তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও অন্যান্য কর্তৃপক্ষের প্রতি স্লিপার বাসের জন্য একটি সুস্পষ্ট ও বাস্তবসম্মত নীতিমালা প্রণয়নের আহ্বান জানান। ওই নীতিমালার আওতায় যেসব স্লিপার বাস নির্ধারিত নিরাপত্তা মান পূরণ করবে, তাদের নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অনুমোদন দেওয়ার এবং যারা মান পূরণ করতে পারবে না, তাদের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সময় দেওয়ার প্রস্তাবও করা হয়।

বক্তারা বলেন, প্রযুক্তি ও মানুষের চাহিদার সঙ্গে পরিবহনব্যবস্থাও পরিবর্তিত হচ্ছে। একসময় এসি বাস ছিল বিলাসিতা, বর্তমানে তা সাধারণ পরিবহনব্যবস্থার অংশ। একইভাবে দীর্ঘপথের যাত্রীদের আরাম, সময় ও ব্যক্তিগত পরিসরের প্রয়োজন থেকেই স্লিপার বাসের জনপ্রিয়তা তৈরি হয়েছে।

তাদের প্রত্যাশা, ‘সেবা বন্ধ নয়, সেবার মান নির্ধারণ’—এই নীতির ভিত্তিতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্লিপার বাস পরিচালনার জন্য যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করবে। এর মাধ্যমে একদিকে যেমন যাত্রীদের নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত হবে, অন্যদিকে পরিবহন খাতের কর্মসংস্থান ও বিনিয়োগও অব্যাহত থাকবে।

সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আহ্বান জানিয়ে বলা হয়, “স্লিপার বাস বন্ধ করবেন না। প্রয়োজনীয় নিরাপত্তা মানদণ্ড ও নীতিমালা তৈরি করে আমাদের নিয়মের মধ্যে চলার সুযোগ দিন।”

বক্তারা বলেন, তাদের মূল লক্ষ্য সরকারের বিরোধিতা করা নয়; বরং নিরাপদ সড়ক, নিরাপদ যাত্রী এবং আধুনিক পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা। দুর্ঘটনার বিচার ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্লিপার বাসের ভবিষ্যৎ যেন শুধু একটি দুর্ঘটনা বা নামের কারণে নির্ধারিত না হয়—এ বিষয়েও তারা সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।

তাদের প্রত্যাশা—সবার জন্য নিরাপদ, আরামদায়ক ও আধুনিক যাত্রা নিশ্চিত হবে এবং যথাযথ নীতিমালার মাধ্যমে স্লিপার বাস দেশের পরিবহনব্যবস্থায় আরও কার্যকর ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

কলম্বিয়ার ভূমিকম্প পরবর্তী মানবিক সহায়তা

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ, মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমদ

নেত্রকোনার মোহনগঞ্জে ভুয়া দন্ত চিকিৎসকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

স্বামীর শেষ বিদায়ে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

বিজয়নগর থেকে সিএনজি চুরি করে নবীনগর ৩ চোর আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ!

নেত্রকোনার মোহনগঞ্জে গৃহবধূ মুন্নী আক্তার হত্যার বিচার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

প্রতিহিংসার রাজনীতি বন্ধ করে শান্তি ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বান

হ্নীলার মগপাড়া থেকে ইয়াবার চালান উদ্ধার হলেও প্রকৃত মালিক মাহাবু এখনো অধরা

১০

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, গ্রেপ্তার ১

১১

জাল ওয়ারিশ সনদে পালিত পুত্রের বিরুদ্ধে জমি আত্মসাতের অভিযোগ

১২

শিবগঞ্জের নয়নী হত্যা মামলায় আসামি রইশুদ্দিনের জামিন বাতিল

১৩

ঝালকাঠির কাঁঠালিয়ার বিনাপানি বাজারে যাত্রী ছাউনিটি সংস্কারের অভাবে আজ প্রায় অনুপযোগী

১৪

উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! কাগজে ২০৪ শিক্ষার্থী, সরেজমিনে ১৭; প্রতিবন্ধী স্কুল কাগজেই সব, বাস্তবে ফাঁকা

১৫

এপিবিএন ক্যাম্পে ১৩ ফুটের অজগর, বনে অবমুক্ত

১৬

জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা সামসাদ জাহান তানিয়াকে সম্মাননা

১৭

​বড়লেখায় ইলেকট্রিশিয়ানের আত্মহত্যা: ডা. তানভীরের বিরুদ্ধে ওঠা গুঞ্জন ভিত্তিহীন, দিলেন স্পষ্ট ব্যাখ্যা

১৮

স্লিপার বাস বন্ধ নয়, নিরাপদ ও যুগোপযোগী নীতিমালার মাধ্যমে এগিয়ে নেওয়ার আহ্বান

১৯

চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

২০