
কক্সবাজারে উন্নয়ন ও পর্যটন শিল্প রক্ষার দাবিতে মানববন্ধন
মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন শিল্প বাধাগ্রস্ত করার কথিত ষড়যন্ত্র এবং ‘পরিবেশবাদী চাঁদাবাজ চক্রের’ অপতৎপরতার প্রতিবাদে বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) সকাল ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী, স্থানীয় নাগরিক, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সচেতন নাগরিকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আয়োজকরা জানান, কক্সবাজারের পর্যটন শিল্প দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও পর্যটন খাতকে বাধাগ্রস্ত করতে বিভিন্ন মহল নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে বলে তাদের অভিযোগ। বিশেষ করে পরিবেশ রক্ষার নামে কথিত চাঁদাবাজি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাতে চান।
তাদের দাবি, পরিবেশ সংরক্ষণের পাশাপাশি কক্সবাজারের পর্যটন ও উন্নয়ন কার্যক্রমকে সমন্বয়ের মাধ্যমে এগিয়ে নিতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন পরিবেশের অজুহাতে অবৈধভাবে অর্থ আদায় কিংবা উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
মানববন্ধনে কক্সবাজারের উন্নয়ন ও পর্যটন শিল্পের স্বার্থে কথিত চাঁদাবাজি ও ষড়যন্ত্র বন্ধ, অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিকল্পিত ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার দাবি জানানো হবে।
আয়োজনে: কক্সবাজার পর্যটন ও পরিবেশ রক্ষা কমিটি।
মন্তব্য করুন