
মান্দায় নওগাঁর ১১ উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোকছেদুল ইসলাম
জেলা প্রতিনিধি, নওগাঁ
নওগাঁর মান্দায় বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে জেলার ১১টি উপজেলার সাংবাদিকদের অংশগ্রহণে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মান্দা উপজেলার ইনডেক্স টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে বাংলাদেশ প্রেসক্লাব, মান্দা উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাবিল নওরোজ বৈশাখ, মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. মোখলেছুর রহমান (মকে) এবং মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খোরশেদ আলম।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন দৈনিক অর্থদৃষ্টি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান হাফিজ। প্রধান আলোচক ছিলেন দৈনিক জয় সাগর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বাংলাদেশ প্রেসক্লাব রাজশাহী বিভাগের সভাপতি মো. হাসান ইমাম তালুকদার।
এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁ জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মো. মোকছেদুল ইসলাম, মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং নওগাঁ জেলার ১১টি উপজেলার বিভিন্ন কমিটির সাংবাদিক সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ প্রেসক্লাবের প্রয়াত সভাপতি আব্দুল হালিমের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
আলোচনা সভায় সাংবাদিকদের ঐক্য, পেশাগত দায়িত্ব ও মর্যাদা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি ডা. ইকরামুল বারী টিপু বলেন, “একটি স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম ছাড়া শক্তিশালী গণতন্ত্র কল্পনা করা যায় না। সাংবাদিকরা সমাজের অন্যায়ের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী।”
তিনি আরও বলেন, “কলমের শক্তি তলোয়ারের চেয়েও ধারালো। তাই একজন সাংবাদিককে তথ্যের সত্যতা যাচাইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীল হতে হয়। প্রকৃত সাংবাদিকতা কখনো ব্যক্তি স্বার্থের জন্য নয়; এটি সবসময় জনকল্যাণ ও শোষিত মানুষের অধিকার আদায়ের হাতিয়ার।”
মন্তব্য করুন