
নিজস্ব প্রতিবেদক
সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজ আর নেই। মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপুর বরাত দিয়ে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিটে তৌফীক নাওয়াজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
তৌফীক নাওয়াজ পেশায় সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। আইন পেশার পাশাপাশি তিনি ধ্রুপদি সংগীতের চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। এরপর থেকে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চলতি বছরের মে মাসে অসুস্থ অবস্থায় হুইলচেয়ারে করে তিনি কারাবন্দি স্ত্রী দীপু মনির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই সময় তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দীপু মনির সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।
তৌফীক নাওয়াজের অসুস্থতার কথা উল্লেখ করে তার মেয়ে তানি দীপাবলী নাওয়াজ এর আগে দীপু মনিকে প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন। তবে সেই আবেদনে তখন সাড়া মেলেনি বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়।
এদিকে তৌফীক নাওয়াজের মৃত্যুর পর স্ত্রী দীপু মনিকে প্যারোলে মুক্তির জন্য নতুন করে আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী গাজী ফয়সাল ইসলাম।
তৌফীক নাওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃতের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা।
মন্তব্য করুন