
নিজস্ব প্রতিবেদক:
মহাসড়কে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করেছে হাইওয়ে পুলিশ। প্রাথমিকভাবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আনুষ্ঠানিকভাবে এ প্রযুক্তির কার্যক্রম শুরু হয়েছে। নতুন এ ব্যবস্থায় মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে সংশ্লিষ্ট যানবাহন এবং নেওয়া হবে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাটে হাইওয়ে পুলিশের ‘কমান্ড, কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার’-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ব্যবস্থার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি ও সংসদ সদস্য শামছুর রহমান শিমুল বিশ্বাস, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির।
হাইওয়ে পুলিশ জানায়, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থায় কোনো যানবাহন ট্রাফিক আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরার মাধ্যমে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত ও রেকর্ড করা হবে। শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট তথ্য বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডেটাবেজে পাঠানো হবে।
এরপর স্বয়ংক্রিয় সংকেতের মাধ্যমে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে মামলা ও জরিমানার বিস্তারিত তথ্য জানানো হবে। এসএমএস পাওয়ার পর মালিকরা তাঁদের সুবিধামতো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ব্যবহার করে ঘরে বসেই জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে ইতোমধ্যে ৪৯০টি পিলারে স্বয়ংক্রিয় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে নির্ধারিত গতিসীমা অতিক্রম বা ওভারস্পিড, বিপজ্জনক ওভারটেকিং, ট্রাফিক সাইন-সিগন্যাল অমান্য, উল্টোপথে গাড়ি চালানো এবং অবৈধ পার্কিংসহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্ত করা সম্ভব হবে।
একই যানবাহন বারবার আইন লঙ্ঘন করলে বিআরটিএর বিধি অনুযায়ী রেজিস্ট্রেশন বাতিলসহ কঠোর প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালুর ফলে মহাসড়কে ট্রাফিক আইন প্রয়োগে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। পাশাপাশি দুর্ঘটনা কমানো, যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আইন লঙ্ঘনের প্রবণতা নিয়ন্ত্রণেও এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নতুন এ প্রযুক্তিনির্ভর উদ্যোগ সফল করতে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন এবং সাধারণ জনগণকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে হাইওয়ে পুলিশ।
মন্তব্য করুন