
জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘প্রতিবাদী জমায়েত’: সার কেলেঙ্কারী বন্ধ ও পাটসহ কৃষি পণ্যের লাভজনক মূল্যের দাবি
মোঃ মানিক মিয়া,
স্টাফ রিপোর্টার ।
সার কেলেঙ্কারী বন্ধ করে কৃষক সমবায়কে ডিলারশিপ প্রদান এবং পাটসহ সকল কৃষি পণ্যের ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চিত করতে আইন প্রণয়নের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক ‘প্রতিবাদী জমায়েত’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৪ আগস্ট ২০২৬) বেলা ১১টায় রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও কৃষক সমিতি’-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দীন।
প্রতিবাদী জমায়েত থেকে নেতৃবৃন্দ সরকারের কাছে ২টি প্রধান দাবি তুলে ধরেন:
সার কেলেঙ্কারী বন্ধের দাবি:
সার কেলেঙ্কারী চিরতরে বন্ধ করতে প্রতিটি ইউনিয়নে সরাসরি কৃষক সমবায়কে সারের ডিলারশিপ প্রদান করার আহ্বান জানানো হয়।
কৃষি পণ্যের সঠিক মূল্য নিশ্চিতকরণ:
পাটসহ দেশের সকল প্রকার কৃষি পণ্যের ন্যূনতম লাভজনক মূল্য নিশ্চিত করার লক্ষ্যে অবিলম্বে আইন প্রণয়নের জোর দাবি জানানো হয়।
সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, কৃষকরা রোদে পুড়ে আর বৃষ্টিতে ভিজে ফসল ফলায়, কিন্তু ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয় মধ্যস্বত্বভোগীদের কারণে।
সারের কৃত্রিম সংকট ও কেলেঙ্কারীর ফলে প্রান্তিক চাষীরা চরম ক্ষয়ক্ষতির মুখে পড়ছেন। কৃষক বাঁচাতে এবং ভূমির অধিকার রক্ষা করতে হলে সরকারের উচিত অবিলম্বে কৃষক সমবায়কে ডিলারশিপ দেওয়া এবং আইনের মাধ্যমে কৃষি পণ্যের দাম নির্ধারণ নিশ্চিত করা।
কর্মসূচীতে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন ও কৃষক সমিতি’-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ কৃষক-জনতা উপস্থিত ছিলেন। তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন।
মন্তব্য করুন