
টেকনাফে র্যাবের পৃথক অভিযানে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক
মোহাম্মদ হোসাইন, টেকনাফ ,কক্সবাজার:
কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক দুটি অভিযানে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার এবং ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলিসহ সামসুন নাহার (১৮) নামে এক নারীকে আটক করা হয়েছে।
র্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট বিকেল সাড়ে ৪টার দিকে টেকনাফ মডেল থানাধীন হ্নীলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কবরস্থান পাহাড় (জাকিরের ডেইল পাহাড়)-এর পাদদেশে অভিযান চালায় র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের একটি দল। এ সময় পাহাড়ের পাদদেশে ব্যাপক তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি সাব মেশিন গান (এসএমজি) উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রটির মালিকানা বা এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিষয়ে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও বিভিন্নভাবে অনুসন্ধান করেও তাৎক্ষণিকভাবে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে র্যাব।একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের একটি বসতঘরে পৃথক অভিযান চালায় র্যাব। এ সময় সামসুন নাহারকে আটক করা হয়। পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের মাচার ওপর বিশেষ কায়দায় কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৩২৭ রাউন্ড রাইফেলের তাজা গুলি উদ্ধার করা হয়।আটক সামসুন নাহার নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের শেড নম্বর-০৬৮৭ ও রুম নম্বর-০৬-এর বাসিন্দা। তার বাবার নাম শামসুর আলম।র্যাব-১৫ জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটক নারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সীমান্তবর্তী ও পাহাড়ি এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।
মন্তব্য করুন