প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫ লাখ টাকা অনুদান পেলেন বাগাতিপাড়ার ফাতেমা
হাসান আলী সোহেল, স্টাফ রিপোর্টার
নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাঁকফো গ্রামের মেধাবী শিক্ষার্থী মোছা. ফাতেমা খানম চীনের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। তবে আর্থিক সংকটের কারণে তাঁর উচ্চশিক্ষার স্বপ্ন অনিশ্চয়তার মুখে পড়ে। এ অবস্থায় তাঁর পাশে দাঁড়িয়েছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
ফাতেমা খানমের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি ও শিক্ষার প্রাথমিক ব্যয় মেটাতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকার অনুদানের ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
ফাতেমা খানম বাগাতিপাড়া উপজেলার কাঁকফো গ্রামের লাবলুর মেয়ে। মেধাবী এই শিক্ষার্থী চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও প্রয়োজনীয় অর্থের অভাবে তাঁর ভর্তি নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি জানতে পেরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল তাঁর উচ্চশিক্ষার জন্য সহযোগিতার উদ্যোগ নেন।
স্থানীয়রা জানান, আর্থিক সংকটের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ যেন বাধাগ্রস্ত না হয়, এ ধরনের সহযোগিতা তার জন্য গুরুত্বপূর্ণ। ফাতেমার পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
ফাতেমার পড়াশোনা চালিয়ে যেতে ভবিষ্যতে আরও আর্থিক সহায়তার প্রয়োজন হলে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়েছে বলে জানা গেছে।
চীনের মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় ফাতেমা খানমকে ঘিরে বাগাতিপাড়ার কাঁকফো গ্রামের মানুষের মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। তাঁর সফলভাবে পড়াশোনা শেষ করে দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যাশা করছেন এলাকাবাসী।
মন্তব্য করুন