বগুড়ায় ২৫০ পিস ইয়াবাসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ কাওছার মিয়া দিপু
স্টাফ রিপোর্টার বগুড়া
বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ একাধিক মাদক মামলায় অভিযুক্ত তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৭টা ২০ মিনিট পর্যন্ত বগুড়া সদর উপজেলার দক্ষিণ গোদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন মো. রফিকুল ইসলাম (৩৬)। তিনি দক্ষিণ গোদারপাড়া এলাকার মো. আলম মন্ডলের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়ার কর্মকর্তারা জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ গোদারপাড়ায় রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার দেহ তল্লাশি ও বসতবাড়ি থেকে একটি নীল রঙের ব্যাগের ভেতর জিপারযুক্ত পলি প্যাকেটে থাকা অ্যামফিটামিনযুক্ত ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার ওজন ২৫ গ্রাম।
ডিএনসি জানায়, রফিকুল ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে, যেগুলো বর্তমানে বিচারাধীন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আসলাম আলী মন্ডল বাদী হয়ে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করেছেন।
কর্তৃপক্ষ আরও জানায়, উদ্ধার হওয়া ইয়াবার চালানের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
মাদকবিরোধী চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মন্তব্য করুন