
সাংবাদিকের ওপর হামলা ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে চকরিয়ায় মানববন্ধন
মোহাম্মদ করিম লামা – আলীকদম প্রতিনিধি
সংবাদ প্রকাশকে কেন্দ্র করিয়া সাংবাদিক আদিল আহামেদ চৌধুরী ও এইচ. এম. ইসমাইল তুহিনের ওপর হামলা, সাংবাদিকের ৮৫ বছর বয়সী বৃদ্ধা মাকে আহত করা এবং পরবর্তীতে উল্টো সাজানো মামলা দায়ের করিয়া হয়রানির প্রতিবাদে কক্সবাজারের চকরিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হইয়াছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে চকরিয়া নিউমার্কেটের সম্মুখে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়। ইহাতে চকরিয়া, কক্সবাজার ও লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, লক্ষ্যারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ মনিক এবং তাঁহার ভাই ফরিদ কন্ট্রাক্টরের কাজের অনিয়ম ও দুর্নীতি সংক্রান্ত সংবাদ প্রকাশের জের ধরিয়া সাংবাদিকদের ওপর হামলা, পরিবারের সদস্যদের নির্যাতন এবং পরবর্তীতে উল্টো মামলা দায়ের করিয়া হয়রানি স্বাধীন সাংবাদিকতার প্রতি সরাসরি হুমকি। বিশেষ করিয়া একজন ৮৫ বছর বয়সী প্রবীণ নারীকে আহত করার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক।
বক্তারা আরও বলেন, সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিক কিংবা তাঁহার পরিবারের সদস্যকে হামলা, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার হইতে হইলে তাহা গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের তথ্য জানার অধিকারকে বাধাগ্রস্ত করিবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
মানববন্ধন হইতে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক ও সাজানো মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।
বক্তারা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করিয়া বলেন, সাংবাদিকদের ওপর হামলা, ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি বন্ধ না হইলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হইবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালাইয়া যাইবে।
মানববন্ধনে চকরিয়া, কক্সবাজার ও লামায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন