বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গনি চৌধুরী
এম হোসাইন আহমদ, বিশেষ প্রতিবেদকঃ বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব এবং বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব মুহাম্মদ কাদের গনি চৌধুরী।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮-এর ধারা ১০(১) অনুযায়ী মুহাম্মদ কাদের গনি চৌধুরীকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব পালনকালে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। নির্ধারিত শর্ত এবং প্রচলিত বিধিবিধান অনুযায়ী তিনি বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
মুহাম্মদ কাদের গনি চৌধুরী দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। পেশাগত জীবনে তিনি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত স্বার্থ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব হিসেবেও তিনি দায়িত্ব পালন করছেন।
বাসস দেশের জাতীয় সংবাদ সংস্থা হিসেবে দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করে থাকে। এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে কাদের গনি চৌধুরীর নিয়োগকে সাংবাদিক সমাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে দেখা হচ্ছে।
সাংবাদিকতা পেশায় দীর্ঘ অভিজ্ঞতা, নেতৃত্বের দক্ষতা ও পেশাজীবীদের অধিকার আদায়ে তাঁর ভূমিকার কারণে নতুন দায়িত্বে তিনি বাসসকে আরও গতিশীল, পেশাদার ও গণমুখী প্রতিষ্ঠানে পরিণত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।
নতুন দায়িত্বে মুহাম্মদ কাদের গনি চৌধুরীর সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে সাংবাদিক সমাজ ও সহকর্মীদের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
মন্তব্য করুন