
পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে বান্দরবানে নাগরিক পরিষদের মানববন্ধন
মুহাম্মদ আকাশ
বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজি, অপহরণ, গুম ও হত্যাকাণ্ড বন্ধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও সহযোগী সংগঠন গুলোর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কর্মসূচির প্রতিপাদ্য ছিল—‘অস্ত্রের ঝনঝনানি ও চাঁদাবাজি বন্ধ করো’। মানববন্ধন থেকে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার, চাঁদাবাজি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কার্যকর ভূমিকার দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন,পার্বত্য চট্টগ্রামে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষক, সবজি উৎপাদনকারী, ব্যবসায়ী, নির্মাণশ্রমিক ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে চাঁদা দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তাঁরা।
বক্তারা বলেন, পাহাড়ে উৎপাদন থেকে শুরু করে পণ্য বাজারজাত ও পরিবহনের বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এতে উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার ওপরও নেতিবাচক প্রভাব পড়ছে। চাঁদাবাজির কারণে বিভিন্ন পণ্যের বাজারমূল্যও বাড়ছে বলে দাবি করেন তাঁরা।
মানববন্ধনে আরও অভিযোগ করা হয়, চাঁদাবাজির পাশাপাশি অপহরণ, গুম ও হত্যাকাণ্ডের মতো সহিংস কর্মকাণ্ড পাহাড়ের মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি করছে। এসব কর্মকাণ্ড বন্ধে কার্যকর ও দীর্ঘমেয়াদি ব্যবস্থা গ্রহণের দাবি জানান বক্তারা।
তাঁরা বলেন, পাহাড়ে শান্তি ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানই যথেষ্ট নয়; সাধারণ মানুষের মধ্যেও নিরাপত্তা ও আইনের শাসনের বিষয়ে আস্থা তৈরি করা প্রয়োজন। এ জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও বাড়ানোর আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। এ সময় পিসিএনপি বান্দরবান জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নাগরিক পরিষদ নেতা আলম মাঝি,শামসুল হক শামু মাঝি,সজল মাস্টার, আবুল আজিজ(প্রকাশ) সুয়ালক আর্মি আজিজ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সভাপতি আশিফ ইকবালসহ সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন